ঈশ্বরদীতে সেই আলেয়া গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদীতে বহুল আলোচিত আলেয়া বেগম (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি শহরের নূর মহল্লা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা, ইতোপুর্বে আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় থাকলেও দেশের পট পরিবর্তনের পর নিজেকে বিএনপির নেত্রী হিসেবে পরিচয় দেওয়াসহ নানা সমালোচনা চলছিল আলেয়া বেগমকে নিয়ে। এ নিয়ে গত কয়েকদিন ঈশ্বরদীতে আলেয়া বেগমকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন, পাল্টা সংবাদ সম্মেলন, বিক্ষোভ, ঝাড়ু মিছিলসহ নানা ঘটনার পর মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে অভিযান চালিয়ে ঈশ্বরদীর আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, দেহব্যবসা ও চাঁদাবাজিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন আলেয়া বেগম। এসব অভিযোগে ক্ষুব্ধ হয়ে সম্প্রতি ভুক্তভোগী ও এলাকাবাসী তার বিরুদ্ধে বিক্ষোভ করেন এবং প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তদন্তনাধীন রয়েছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার আলেয়া বেগমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আলেয়া বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ মার্চ) তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।