শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

রাণীনগরের তারাপালের দহকে মৎস্য অভয়াশ্রম ঘোষণা

নওগাঁ প্রতিনিধি. ১৩ মার্চ ২০২৬ ০৫:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নওগাঁ প্রতিনিধি. ১৩ মার্চ ২০২৬ ০৫:০২ অপরাহ্ন
রাণীনগরের তারাপালের দহকে মৎস্য অভয়াশ্রম ঘোষণা

নওগাঁর রাণীনগরের তারাপালের দহ থেকে অবৈধ রিং জাল জব্দ করে ধ্বংস করার পর ওই দহকে অভয়াশ্রম ঘোষণা করেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। অবৈধ মৎস্য শিকারীদের দৌরাত্ম্য কমাতে উপজেলার কুজাইল দক্ষিণ পাড়া এলাকার তারাপালের দহ নামক স্থানকে অভয়াশ্রম ঘোষণা করেন তিনি। 

বৃহস্পতিবার (১২মার্চ) উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে অভয়াশ্রম ঘোষণা শেষে সেখানে সাইনবোর্ড স্থাপনা করা হয়। এর আগে সতর্কতামূলক সেখান থেকে কিছু রিং জাল জব্দ করে সেগুলো পুড়িয়ে ফেলা হয়।

মৎস্য শিকারীদের অবৈধ মাছ ধরার কারণে ছোট যমুনা নদী থেকে দিনদিন মা-মাছসহ বিভিন্ন দেশীয় জাতের মাছ কমে যাচ্ছে। মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুফলভোগীদের নিয়ে সেখানে সচেতনতামূলক এক মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সচেতনতামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান। সভায় স্থানীয়রা অভয়াশ্রম রক্ষায় প্রশাসনের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন এবং মৎস্য সংরক্ষণে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। 

এসময় ইউএনও মো. রাকিবুল হাসান বলেন, মাছে ভাতে আমরা বাঙালি। তাই মাছ আমাদের প্রয়োজনীয় খাদ্য। কাজেই মৎস্য সম্পদ রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি আমাদের সবার দায়িত্ব। আর অভয়াশ্রম সুরক্ষিত থাকলে এ এলাকার মানুষ দীর্ঘমেয়াদে এর সুফল পাবে।

তিনি বলেন, তবে কেউ যদি নিষেধ অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই জন্য আপনারা সতর্ক থাকলে এটা সম্ভব। তাই আমি আশার করবো, আপনারা সকলেই সহযোগীতার করবেন।