নগরীতে জুমাতুল বিদায় মুসল্লিদের ঢল
রমজানের চতুর্থ শুক্রবার মসজিদে মুসল্লীদের ঢল নেমেছিল। এই শুক্রবারকে শেষ জুমা ধরে মসজিদগুলোতে বিশেষ মোনাজাত হয়েছে। রমজানের শেষ দশকে আগামী জুমা না পাওয়া গেলে আজকের জুমাই জুমাতুল বিদা।
রাজশাহী মহানগরীর মসজিদগুলো লোকে লোকারণ্য হয়ে যায়। মাহাত্ম্য ও তাৎপর্যপূর্ণ এই দিনে জুমার নামাজের পর বিভিন্ন মসজিদে দেশ-জাতি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করেন মুসল্লিরা।
জুমাতুল বিদার মাধ্যমে কার্যত বিদায় জানানো হয়েছে পবিত্র মাহে রমজানকে। প্রতিবারের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই বিশেষ দিন পালিত হলো। রমজানের শেষ দশকে আগামী জুমা পাওয়া যেতেও পারে নাও পারে। তাই জুমার নামাজে মসজিদগুলোতে সকল শ্রেণির মুসল্লিদের উপচে পড়া ভিড় পরিলক্ষীত হয়।
নগরীর শাহমখদুম দরগা মসজিদ, সাহেববাজার বড় মসজিদ, উপশহর মডেল মসজিদ, হেতেমখাঁ বড় মসদিজ, টিকাপাড়া মসজিদ, শিমলার নুর জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে মুসল্লিদের উপচেপড়া ভিড় পরিলক্ষীত হয়েছে। এমনকি মসজিদে জায়গা না পেয়ে বাইরের সড়ক পর্যন্ত মুসল্লিদের উপস্থিতি ছড়িয়ে পড়ে।
মাহে রমজানের শেষ দশকের রহমত, বরকত ও নাজাত কামনা করে নামাজ শেষে মসজিদগুলোতে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিদের আমিন-আমিন ধ্বনিতে মুখরিত হয়ে যায় পুরো মসজিদ। কান্নায় ভেঙে পড়েন অনেক মুসল্লি।
রমজানের শেষ দশকে ইবাদতের মেহনত বাড়িয়ে দেয়ার ওপরগুরুত্বারোপ করেন ইমামরা। নামাজ-পূর্ব বয়ানে পবিত্র মাহে রমজান, শবেকদর, জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে আলোচনা করেন। জাকাত ও ফিতরা আদায়ের প্রয়োজনীয়তার ব্যাপারে উপস্থিত মুসল্লিদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
প্রসঙ্গত, রমজান মাসের শেষ জুমার দিন মুসলিম বিশ্বে ‘জুমাতুল বিদা’ হিসেবে পালন করা হয়।