চাঁপাইনবাবগঞ্জে ভারতে পাচারের সময় প্রায় ৫৪লাখ টাকার সোনা উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। অভিনব কায়দায় পায়ুপথে লুকিয়ে স্বর্ণগুলো পাচার করা হচ্ছিল।
বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত ১ টার দিকে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
আটক ব্যক্তির নাম মো. সানি মাই। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বড়াই কাউরাইদ গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
বিজিবি অধিনায়ক বলেন, বৃহস্পতিবার বিকেলে সানি মাই পাসপোর্টধারী যাত্রী হিসেবে ভারতে যাচ্ছিলেন। এ সময় বিজিবির আর্চওয়ে মেটাল ডিটেকটরে তার শরীরে ধাতব বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। পরে তাকে বিজিবি সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে পায়ুপথে লুকিয়ে স্বর্ণ পাচারের কথা স্বীকার করেন।
বিজিবি অধিনায়ক আরও বলেন, সানি মাইকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এক্স-রে করার পর বিজিবি নিশ্চিত হয় এবং পায়ুপথ থেকে ২৩১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ওই স্বর্ণের বাজার মূল্য ৫৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।
এ ঘটনায় মামলা দায়েরর পর আটক সানি মাইকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে জানায় বিজিবি।