নওগাঁয় সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে দেশব্যাপী প্রতি শনিবার সমন্বিত অভিযান পরিচালনার কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবে ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি ডেঙ্গুমুক্ত নওগাঁ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আনুষ্ঠানিক ভাবে নওগাঁর ১১টি উপজেলায় প্রতি শনিবার নিজ আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন করার অভিযানের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) কর্মসূচির প্রথমেই নওগাঁর রাণীনগর উপজেলা প্রশাসনের সকল দফতরের কর্মকর্তা-কর্মচারিদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালী বের হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
পরে অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনসহ উপজেলা প্রশাসনের সকল দফতরের প্রধানগণ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের কর্মসূচির পরিচ্ছন্নতাকর্মীরা পুরো উপজেলা পরিষদ প্রাঙ্গণ আগাছা মুক্ত করার কাজ অব্যাহত রাখে। একই ভাবে জেলার ১১টি উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন সরকারের গৃহিত কর্মসূচিকে শত ভাগ সফল করার লক্ষ্যে জেলা প্রশাসক স্যারের প্রদান করা নির্দেশনা মোতাবেক প্রথমবারের মতো সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিটি দফতরকে সপ্তাহের শুরুতেই নিজ নিজ আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন করার কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। আমরা যদি যার যার চারপাশটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে অন্তত ডেঙ্গু মশার উৎপাত থেকে আমরা যেমন রক্ষা পাবো তেমনি সুন্দর একটি পরিবেশ সৃজন হবে। তাই নিজেদের নিরাপত্তার জন্য অন্তত নিজেদের বাসযোগ্য চারপাশের পরিবেশটি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তিনি সবার সুদৃষ্টি কামনা করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান সাম্প্রতিক সময়ে ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা, বিভিন্ন স্থানে জমে থাকা পানি এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে মশার প্রজনন ক্ষেত্র বিস্তৃত হচ্ছে, যা ডেঙ্গু বিস্তারের অন্যতম কারণ। এমন সমস্যা থেকে রেহাই পেতে সপ্তাহের প্রতি শনিবার জনসাধারণসহ সংশ্লিষ্ট প্রতিটি সরকারি দপ্তরকে উদ্ধুব্ধকরণের মাধ্যমে মশার প্রকোপ না কমা পর্যন্ত স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নিজ নিজ কর্মক্ষেত্র, বাসস্থান ও সংলগ্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ এই কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার কথা জানান এই কর্মকর্তা।