আদমদীঘিতে উপজেলা ছাত্রলীগের ইফতার আয়োজন; সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল
বগুড়ার আদমদীঘিতে উপজেলা ছাত্রলীগ (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়েছে।
গত শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামের মৎস্য প্রজেক্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
স্থানীয় ও ভিডিও সূত্রে জানা যায়, অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক সাকিব, সান্তাহার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শুভ হোসেন বক্তব্য দেন। এছাড়া উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সহ ছাত্রলীগ, যুবলীগের ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় শতাধিক নেতা-কর্মীর অংশগ্রহণ লক্ষ্য করা হয়।
ইফতার শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। এদিকে ইফতার মাহফিল শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর গভীর রাতে অনুষ্ঠানটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের উপস্থিতি এবং বক্তব্য দিতে দেখা যায়।
আদমদিঘী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, আমরা আগে থেকে জানতাম না, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ পেলে আমরা জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার একাধিক ছাত্রদল ও যুবদলের নেতৃত্ব স্থানীয়দের সাথে কথা বললে জানান, “গতকাল নিষিদ্ধঘোষিত সংগঠনটির এ ধরনের প্রকাশ্যে আয়োজন নিয়ে জণমনে নানা প্রশ্ন হয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। আমরা প্রশাসনকে আহবান জানাচ্ছি এমন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য।”