পুঠিয়ায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত
ঢাকা-রাজশাহী মহাসড়কের রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কলাহাট এলাকায় ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মৌগাছী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে কাওসার (৩৫) এবং তার ছেলে রেদেওয়ান (৭)। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রামট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে পিতা-পুত্র নিহত হন।
ঘটনার পর ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পরপরই পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ইদকে সামনে রেখে মহাসড়কে ড্রামট্রাকসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে। আজকের ঘটনার পর থেকে এবং ইদের পরে আরও কঠোরভাবে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, কলাহাটে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহতের ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশগুলো উদ্ধার করে মেডিকেলে পাঠিয়েছি। ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পথে বিক্ষিপ্ত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিলে ফায়ার সার্ভিস এসে তা নিয়ন্ত্রণ করে।