বাংলাদেশে বিশ্বমানের রেল ব্যবস্থা চালু করা হবে: দুলু
জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে বিশ্বমানের রেল ব্যবস্থা চালু করা হবে। বিএনপি সরকার তাদের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। বাংলাদেশে রেল খাত একটি দারুণ সম্ভাবনাময় খাত। অথচ এই খাতকে অবহেলা করা হয়। বিগত দিনে লুটপাট করে ফ্যাসিবাদী সরকার রেলখাতের কোনো উন্নয়ন করেনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবেই সরকার তৃতীয় প্রজন্মের জন্য আধুনিক সব সুযোগ সুবিধা সম্পন্ন রেল ব্যবস্থা চালু করবে। রেলের প্রতিটি সেক্টরকে উন্নত করা হবে।
বুধবার (১৮ মার্চ) বিকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর স্টেশনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের মাধনগর স্টেশনে যাত্রাবিরতি চালু উদ্বোধন উপলক্ষে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাতিনুর রহমানের সভাপতিত্বে আয়োজিত জনসভায় আরও বক্তব্য রাখেন- রেলওয়ের পশ্চিম অঞ্চল জিএম ফরিদ উদ্দিন আহম্মেদ, নাটোর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহিন, নাসিম উদ্দিন নাসিম, হাফিজ উদ্দিন ও শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।
জনসভায় দুলু আরও বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। এখন সময় হলো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। কোনোভাবেই হানাহানি মারামারি অরাজকতায় লিপ্ত হওয়া যাবে না। সবাই মিলেমিশে দেশ গঠনে কাজ করতে হবে। কোনোভাবেই সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি অরাজকতা প্রশ্রয় দেওয়া হবে না। কেউ সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি অরাজকতা করলে কোনো আত্মীয়তা বা দলমত বিবেচনা করা হবে না। সন্ত্রাসীর কোনো ঠাঁই নাটোরে হবে না।