রবিবার, জুন ২১, ২০২৬

জনগণের হয়ে কাজ করলে স্থানীয় নির্বাচনে মূল্যায়ন: এমপি মিলন

নিজস্ব প্রতিবেদক ২২ মার্চ ২০২৬ ০৮:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২২ মার্চ ২০২৬ ০৮:৩৬ অপরাহ্ন
জনগণের হয়ে কাজ করলে স্থানীয় নির্বাচনে মূল্যায়ন: এমপি মিলন

আগামী স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন পেতে হলে ত্যাগ ও জনসম্পৃক্ততার রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন এমপি। 


রোববার (২২ মার্চ) বিকেলে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে মোহনপুরে বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, নির্বাচনে মনোনয়ন পেতে কাউকে খুশি করার জন্য ভালোমন্দ খাওয়ানো বা দামি উপহার দেওয়ার দিন শেষ। এখন সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা শুনতে হবে এবং সমাধানে কাজ করতে হবে।


তিনি আরও বলেন, এলাকায় না থেকে, মানুষের বিপদে পাশে না থেকে কেউ যদি মনোনয়ন আশা করেন, তাহলে সেই স্বপ্ন ভুলে যেতে হবে। আগামী কুরবানির ইদেই বোঝা যাবে, কে এলাকায় কতটা কাজ করেছেন তার ভিত্তিতেই দলীয় ভাবে মনোনয়ন দেওয়া হবে।


এ সময় তিনি ইউনিয়ন পর্যায়ে ৯০ দিনের কর্মসূচি গ্রহণের কথাও জানান। তিনি বলেন, এলাকাভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রতি শুক্রবার ও শনিবার এসব কার্যক্রম পরিচালিত হবে। আমরা যেসব ইউনিয়নে যাব, সেখানে স্থানীয় নেতা-কর্মী ও মুরব্বিদের সঙ্গে নিয়ে তাদের পরামর্শ অনুযায়ী কাজ করা হবে। প্রতিটি ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে নারী দলকে সক্রিয় করা হবে।


মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। ধুরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিনসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


অন্যদিকে বিসিকে নিজ কার্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত পবা-মোহনপুরসহ বিশিষ্টজন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এবং দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এমপি।