নানা আয়োজনে রাণীনগরে স্বাধীনতা দিবস উদযাপন
যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্যদিয়ে নওগাঁর রাণীনগরে উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বৃহস্পতিবার প্রথমেই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়।
এরপর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাগণ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহিদদের প্রতি সম্মান জানিয়ে প্রথমে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড সংসদ, রাজনৈতিক দল ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
পরে সকাল ৯টায় রাণীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ শেখ মো: রেজাউল ইসলাম রেজু। পরে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।
পরে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করা বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে মাঠে মুক্তিযোদ্ধা বনাম উপজেলা প্রশাসন দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এসময় অতিথিরা সকলকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে এবং আগামী প্রজন্মের কাছে পৌছে দিতে কাজ করার আহ্বান জানান। লাল-সবুজের ইতিহাস সকল দল ও মতের উর্দ্ধে। তাই বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে নয় বরং সঠিক ইতিহাসটি সবার কাছে তুলে ধরতে সরকারের পাশাপাশি বিভিন্ন মহলের সুধী ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানানো হয়।