শিবগঞ্জে লবিং গ্রুপিংয়ের কারণে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ভণ্ডুল
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শিবগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের লবিং গ্রুপিংযের কারণে ভণ্ডুল হযে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি)-এর সভাপতিত্বে মুক্তিযোদ্ধদেরকে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও শহীদের আত্মার মাগফেরাতের উদ্দেশ্যে এক মিটিট নীরবতা পালন করা হয়।
এরপর বক্তব্যের পালা শুরুতেই উপস্থাপক উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জুবায়ের আহমেদের নাম ঘোষণা করলে, সাবেক শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদকসহ অন্য মুক্তিযোদ্ধারা তাকে বক্তব্য দিতে বাধা দেন। এতে করে উত্তেজনা সৃষ্টি ও হট্টগোল হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজের নির্দেশে দ্রুত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জুবায়েল হোসে বলেন, দীর্ঘদিন পর উপস্থাপকের ঘোষণা মোতাবেক বক্তব্যে দেয়ার জন্য মঞ্চে উঠা মাত্র শিবগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রহমান সনু ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সংগঠনিক সম্পাদক তরিকুল আলম সহ কয়েকজন বাধা প্রদান করেন। অন্যদিকে, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু বলেন, মুক্তিযোদ্ধাদের পূর্বনির্ধারিত সিদ্ধান্তের বাইরে বীর মুক্তিযোদ্ধা জুবায়ের হোসেনের নাম ঘোষণা করা হলে তাকে বাধা দেয়া হয়েছে। কোন গোলমাল করিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে কে কে বক্তব্য দিবে তা আগে থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। অনুষ্ঠান ভণ্ডুল হওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ জানান, বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে শেষ পর্যন্ত অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।