রূপপুর প্রকল্পের তথ্যকেন্দ্র সক্রিয় না থাকলে স্থানীয়রা সমস্যার মুখোমুখি হতে পারে : ড. শফিকুল ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং সাবেক চেয়ারম্যান ড. মো. শফিকুল ইসলাম বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের তথ্যকেন্দ্রটি স্থানীয় জনগণের কোন কাজে আসছে না। তথ্যকেন্দ্র সম্পর্কে স্থানীয় জনগণের কোন পরিষ্কার ধারণাও নেই। তথ্যকেন্দ্রটি সক্রিয় না থাকার দরুণ স্থানীয় জনসাধারণ নানা সমস্যার মুখোমুখি হতে পারে। নিউক্লিয়ার নিরাপত্তা, তাপ-জলবাহী নিরাপত্তা ও জ্বালানি অর্থনীতিতে বিশেষজ্ঞ এই অধ্যাপক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন পারমাণবিক প্রকল্পে পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি গত দুদিন ঈশ্বরদীর রূপপুর ও কুষ্টিয়ার ভেড়ামারায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিষয়ে গবেষণামূলক কর্মকাণ্ড শেষে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ঈশ্বরদী প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। ঈশ্বরদী পৌরসভার একটি কক্ষ ভাড়া নিয়ে রূপপুর প্রকল্পের তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে উল্লেখ করে মত বিনিময়কালে বক্তারা বলেন, এই তথ্যকেন্দ্রটি রূপপুর প্রকল্প সম্পর্কে যে কোন তথ্য জনসাধারণকে জানাতে স্থাপন করা হলেও স্থানীয় জনসাধারণ এ সম্পর্কে কিছুই জানে না।
গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ড. শফিকুল ইসলাম বলেন, রূপপুর প্রকল্পের চারপাশের ৩০ কিলোমিটার এলাকাজুড়ে মানুষের মধ্যে বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে জনসচেতনতামূলক সেমিনার করার নিয়ম রয়েছে। কিন্তু ঈশ্বরদীর কিছু শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া এই দুরত্বের মধ্যে কুষ্টিয়ার ভেড়ামারাসহ আশেপাশের কোন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কোন আয়োজন করা হয়নি যা উদ্বেগজনক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ড. শফিকুল ইসলাম। এ সময় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও তার আশপাশে বসবাসরত মানুষের নিরপত্তা বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি তার ব্যাখ্যাসহ উত্তর দেন। প্রকল্পের কিছু বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
ঈশ্বরদী প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরদী প্রেসক্লাবের আহবায়ক আব্দুল মান্নান টিপু। বক্তব্য দেন, মিলিটারি ইন্সটিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি-এর (স্নাতক) চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোসফায়েত মাসরেক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের (স্নাতকোত্তর) শিক্ষার্থী আমরিন নাহার হক।
মতবিনিময় সঞ্চালনায় ছিলেন, প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য মো. জাহাঙ্গীর হোসেন। বক্তব্য দেন সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণ, এস এম ফজলুর রহমান, মাহাবুবুল হক দুদু, সেলিম সরদার, মহিদুল ইসলাম, ওহেদুজ্জামান টিপু, খালেদ মাহমুদ সুজন, মাহফুজুর রহমান, হাসান ইসলাম প্রমুখ।