নগরীতে নারী আইনজীবী ফোরাম গঠন বিষয়ক মতবিনিময় সভা
নগরীতে নারী আইনজীবীদের জন্য একটি সংগঠিত প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা, নেতৃত্ব বিকাশ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নারী আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় নগরীর একটি চাইনিজ রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়।
খান ফাউন্ডেশন বাস্তবায়িত “ভয়েসেস ফর চেঞ্জ- এমপাওয়ারিং সিটিজেনস ফর ইনক্লুসিভ গভার্নেন্স, সোস্যাল জাস্টিস এন্ড জেন্ডার ইকুয়ালিটি” প্রকল্পের আওতায় অনুষ্ঠানের আয়োজন করে সমতা নারী কল্যাণ সংস্থা ও লফস্। এতে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তা এবং জিএফএ নাগরিকতার কারিগরি সহযোগিতা ছিল।
সভায় উপস্থিত ছিলেন লফসের নির্বাহী পরিচালক শাহনাজ পারভীন লাকি, নারী আইনজীবী কানিজ ফাতেমা, আজিজা সুলতানা মৌসুমী, নার্গিস জাহান বানু, আনীসা তাহসীন ও মোসলিমা খাতুন (সোমা), আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী, অগ্রগামী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক রবিউল ইসলাম, সুরভি মহিলা সমিতির সভাপতি মাকসুদা বেগম, খান ফাউন্ডেশন (পবা-পুঠিয়া) প্রকল্প কর্মকর্তা নিমাই চন্দ্র সরকার, খান ফাউন্ডেশন (দুর্গাপুর-চারঘাট) প্রকল্প কর্মকর্তা শিরিনা আক্তারসহ রাজশাহী বারের নারী আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
মতবিনিময় সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা এবং নারী আইনজীবী ফোরাম গঠনের গুরুত্ব তুলে ধরেন খান ফাউন্ডেশনের রাজশাহী জেলা প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, সমাজে ন্যায়বিচার, অন্তর্ভুক্তিমূলক শাসন ও জেন্ডার সমতা নিশ্চিত করতে নারী আইনজীবীদের সক্রিয় ও সুসংগঠিত ভূমিকা জরুরি। এ জন্য একটি কার্যকর ফোরাম সময়ের দাবি।
সভায় অংশ নেওয়া নারী আইনজীবীরা ফোরাম গঠনের উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা বলেন, নারী আইনজীবীদের নিয়ে এখনো তেমন কোনো শক্তিশালী সংগঠিত প্ল্যাটফর্ম গড়ে ওঠেনি। ফলে এই উদ্যোগ তাঁদের পেশাগত উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং নেতৃত্ব বিকাশে নতুন সম্ভাবনা তৈরি করবে।
বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই নারী আইনজীবী ফোরাম একটি কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। একই সঙ্গে তাঁরা এমন সময়োপযোগী উদ্যোগ নেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান।