ঈশ্বরদীর বিজ্ঞান শিক্ষকদের দুই দিনের প্রশিক্ষণ প্রদান
যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের এমিরেটস প্রফেসর এম. শওকত আনোয়ার বলেছেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে বিজ্ঞান শিক্ষার প্রসার ও মানসম্মত প্রশিক্ষণের কোন বিকল্প নেই। তিনি ঈশ্বরদীর মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের সকল বিজ্ঞান শিক্ষকদের প্রশিক্ষিত করে এই এলাকার বিজ্ঞান শিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে নিতে চান বলে মন্তব্য করেন।
পাবনার ঈশ্বরদীতে তৃতীয়বারের মত ‘আনোয়ার পরিবার ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন বিজ্ঞান শিক্ষকদের দ্ইু দিনের শিক্ষক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ঈশ্বরদীর সরকারি মডেল এসএম স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে রোববার সমাপনি অনুষ্ঠানে প্রশিক্ষিত শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এমিরেটস প্রফেসর এম. শওকত আনোয়ার উপস্থিত ছিলেন।
জানা গেছে, ঈশ্বরদী উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের গত ৩ বছর ধরে এ ধরনের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এবছর জাতীয় শিক্ষাক্রম সিলেবাস অনুযায়ী নবম ও দশম শ্রেণির পদার্থ ও জীব বিজ্ঞান এবং রসায়ন বিষয়ে দুইদিনের প্রশিক্ষণ প্রদান করা হয়।
শিক্ষাবিষয়ক এই প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক ছিলেন চট্রগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদ বিভাগের অধ্যাপক ড. আবদুল আহাদ। তিনি জাতীয় শিক্ষাক্রম সিলেবাস অনুযায়ী পদার্থ ও জীব বিজ্ঞান এবং রসায়ন বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণার্থী প্রত্যেক শিক্ষককে সনদপত্র ও পুরষ্কার তুলে দেওয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রশিক্ষক প্রফেসর ড. আবদুল আহাদ, সাপ্তাহিক ঈশ্বরদী’র সম্পাদক সেলিম সরদার, সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. মোখলেছুর রহমান।
এ ছাড়া প্রশিক্ষণার্থী শিক্ষকদের মধ্যে বাঘইল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তৌহিদুল ইসলাম পরাগ, মানিকনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মঈনুল হোসেন সুজন, মশুরিয়া পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আমিনুর রহমান, ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. রায়হান আলী বক্তব্য দেন। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন ‘আনোয়ার পরিবার ফাউন্ডেশন’ এর সদস্য আনোয়ার ফয়সাল ইকো। ফাউন্ডেশন এর চেয়ারম্যান এবং ঈশ্বরদী স্কুলপাড়ায় অবস্থিত ‘কামিনি’ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক যুক্তরাষ্ট্রের সরুজবেরী, ম্যাছাচুছেটস টাফট বিশ্ববিদ্যালয়ের এমিরেটস প্রফেসর এম. শওকত আনোয়ারের আর্থিক সহায়তায় দুইদিনের এ প্রশিক্ষণ কার্যক্রমে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষক প্রফেসর ড. আবদুল আহাদ জানান, আনোয়ার পরিবার ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় ২০২০ সাল থেকে এ পর্যন্ত চট্রগ্রাম, কুমিল্ল¬া, নোয়াখালি, লক্ষ্মীপুর ও পাবনায় ধারাবাহিকভাবে ১২টি প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়। এসব প্রশিক্ষণে পাঁচ জেলার প্রায় ৩ শতাধিক শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।