জরাজীর্ণ ২ হল পরিদর্শনে রাবি উপাচার্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম জরাজীর্ণ হয়ে পড়া শেরে বাংলা ফজলুল হক হল ও মন্নুজান হল পরিদর্শন করেছেন। সোমবার (৩০ মার্চ) দুপুরে হল দু’টি পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তিনি জানান, শেরে বাংলা হল ও মন্নুজান হল ছয় দশকের বেশি সময়ের পুরাতন। ফলে হলগুলো জরাজীর্ণ ও বসবাসের জন্য প্রায় অনুপযোগী হয়ে গেছে। এছাড়া গতবছরের নভেম্বরের ভূমিকম্পের সময়ও এখানে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়। এই অবস্থার উত্তরণে ইতোমধ্যে রুয়েটের বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। বিষয়টি সরকারকে অবহিত করে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই বরাদ্দ পেলেই হলগুলো ব্যবহার উপযোগী করার পরবর্তী কার্যক্রম শুরু হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষ ও হল সংসদের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।