রবিবার, জুন ২১, ২০২৬

সাঁথিয়ায় কৃষককে কুপিয়ে হত্যা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি ০১ এপ্রিল ২০২৬ ০১:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি ০১ এপ্রিল ২০২৬ ০১:৫৫ অপরাহ্ন
সাঁথিয়ায় কৃষককে কুপিয়ে হত্যা

পাবনার সাঁথিয়ায় আফছার সরদার (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আফছার সরদার গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের কাজিলাল সরদারের ছেলে।

মঙ্গলবার (৩১মার্চ) রাত ১১টার দিকে ঘুঘুদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আফছার সরদার কৃষিকাজের পাশাপাশি দিনমজুরের কাজ করতেন বলে তার পরিবার জানান। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে ঘুঘুদহ গ্রামের কৃষক অফছার সরদার স্থানীয় একটি বাজার থেকে চা খেয়ে বাড়ি ফিরছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সড়কের পাশে ফেলে রেখে চলে যায়। তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন ও স্বজনেরা এগিয়ে এসে হাত পা বাঁধা অবস্থায় এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাত দেখতে পান। 

এলাকাবাসী আফসার সরদারকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে বুধবার(১এপ্রিল)পাবনা মর্গে প্রেরন করেছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঘুঘুদহ গ্রামে ইব্রাহিম গ্রুপ ও কাজিলাল সরদার গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের মেয়ে আমেনা খাতুন বলেন,আমার বাবার হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

নিহত আফছার সরদারের মা আবেদা খাতুন জানায়, আমার ছেলে সহজ সরল সে কাজ ছাড়া কিছু বুঝতো না। আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই। 

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম জানান, আফছার সরদার সুন্দর মনের মানুষ ছিলো। এলাকায় কারো সাথে তার কোন দ্বন্দ্ব ছিলো না। আমার মনে হয় তাকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়েছে। 

কৃষক আফছার সরদারকে নৃশংসভাবে হত্যাকাণ্ডে তার পরিবার ও  গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা এই হত্যাকাণ্ডের সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করেন। 

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এই ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত শেষে এই হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে।