বৃহস্পতিবার, মে ০৭, ২০২৬

পদ্মা ব্যারেজ ও উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক ০১ এপ্রিল ২০২৬ ০৮:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০১ এপ্রিল ২০২৬ ০৮:৫৭ অপরাহ্ন
পদ্মা ব্যারেজ ও উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবি

রাজশাহী অঞ্চলকে মরুকরণের হাত থেকে রক্ষা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (১ এপ্রিল) সকাল ১০টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা কমিটি ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও রাজশাহীর পদ্মা নদীসহ দেশের অন্যান্য নদীগুলো আজ মরুভূমিতে পরিণত হচ্ছে। খরা মৌসুমে পদ্মায় পানি থাকে না। নদীগুলো চরে পরিণত হচ্ছে। পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে সেচ ব্যবস্থায় কৃষকদের চরম বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে। প্রশাসনের নাকের ডগায় নদীখেকোরা অবৈধভাবে বালু উত্তোলন করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।”


বক্তারা আরও বলেন, বরেন্দ্র অঞ্চলের তৃষ্ণার্ত মানুষের হাহাকার বন্ধ করতে চাইলে দৃশ্যমান ও টেকসই সমাধানের ব্যবস্থা নিতে হবে। পানি ছাড়া জীবন ও প্রকৃতি — উভয়ই অচল। এই সংকট মোকাবেলায় দেরি করার অর্থ হলো একটি বিশাল জনপদকে স্থায়ী বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া। পদ্মা নদী বাঁচলেই রাজশাহী বাঁচবে। ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত করতে অবিলম্বে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন করতে হবে।


পাশাপাশি রাজশাহীর পদ্মা নদীকে ক্যাপিটাল ড্রেজিং করে নদীতে পূর্বের ধারা ফিরিয়ে আনতে হবে। বর্তমান সরকার নির্বাচন-পূর্ববর্তী সময়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল এবং প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে যা ঘোষণা করেছিলেন, সেই পদ্মা নদীর ওপর ‘পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প’ অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন চাই।


বক্তারা রাজশাহীর চিকিৎসাব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজশাহী শিক্ষা নগরী, শান্তির নগরী, পরিচ্ছন্ন নগরী এবং সুচিকিৎসার নগরী হিসেবে সর্বজনস্বীকৃত। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, প্রয়োজনীয় চিকিৎসার অভাবে ৫৩ জন শিশু অকালে প্রাণ হারিয়েছে। চিকিৎসাসেবা প্রদানে যাদের গাফিলতি রয়েছে, তাদের দৃষ্টান্তমূলক ও কঠিন শাস্তির দাবি জানান তারা।


বাপা রাজশাহীর সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান, বাপার রাজশাহী কমিটির সাধারণ সম্পাদক সেলিনা বেগম, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি মো. লিয়াকত আলী,


দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী কলেজের শিক্ষক ও বাপা রাজশাহীর সহসভাপতি  জুয়েল কিবরিয়া, বাপার পবার সভাপতি রহিমা বেগম, রুলফাওয়ের নির্বাহী পরিচালক আফজাল হোসেন, ছাত্রনেতা মো. জাহিদ হাসান, বাপা সদস্য সম্রাট রায়হান, পবা বাপার সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী,


মোহনপুর উপজেলা বাপা নেতা আবদুস সালাম, দুর্গাপুর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রুপালী খাতুন, দুর্গাপুর উপজেলা বাপার সভাপতি একেএম মোহাইমেনুল হক রিন্টু, রাজশাহী জেলা বাপার কোষাধ্যক্ষ জাহিদ হাসান, বাপা তানোরের নেতা মফিজ উদ্দিন সরকার, পুঠিয়া উপজেলা বাপার সভাপতি এনামুল হক প্রমুখ।