রাবি পরিসংখ্যান বিভাগে অ্যাক্রিডিটেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ওয়ার্কশপ অন অ্যাক্রিডিটেশন প্রিপারেশন অ্যান্ড প্রসিডিউর’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ভবনে পরিসংখ্যান বিভাগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এই কর্মশালায় সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের সভাপতি প্রফেসর মো. মনসুর রহমান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর মো. আবু রেজা ও অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. কামাল উদ্দিন।
এতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. মনিমুল হক। বিভাগের চঝঅঈ কনভেনার প্রফেসর মো. রেজাউল করিম কর্মশালায় স্বাগত বক্তব্য দেন।
দিনব্যাপী এই কর্মশালায় ছয়টি সেশনে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল এর মানদণ্ড ও বিধিবিধান নিয়ে আলোচনা করা হয়। সেশনগুলোর মধ্যে ছিল: বিএসি অ্যাক্রিডিটেশন মানদণ্ড ও পরিপালন; বিএনকিউএফ গ্রহণ ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি; বিএসি রুব্রিক্স ব্যবহার করে মূল্যায়ন প্রক্রিয়া ও বিএসি অ্যাক্রিডিটেশনের জন্য আবেদন প্রস্তুতির বিভিন্ন ধাপ।
অনুষ্ঠানে আইকিউএসি’র পরিচালক প্রফেসর মো. আবু রেজা বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে বর্তমানে অ্যাক্রিডিটেশনের কোনো বিকল্প নেই। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের পাঠদান ও মূল্যায়ন পদ্ধতিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। সেক্ষেত্রে অ্যাক্রিডিটেশনের বিভিন্ন দিক সম্পর্কে জানা ও তা অনুসরণ করা একান্ত প্রয়োজন। এই কর্মশালা সেই লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর মো. মনসুর রহমান বলেন, বিভাগের শিক্ষার মানোন্নয়ন এবং বৈশ্বিক মানদণ্ডে নিজেদের উপস্থাপন করতে অ্যাক্রিডিটেশন প্রক্রিয়া অত্যন্ত জরুরি। এই কর্মশালার মাধ্যমে শিক্ষক ও সংশ্লিষ্টরা আবেদন প্রক্রিয়ার খুঁটিনাটি সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় আরও ছিল উন্মুক্ত আলোচনা। এতে পরিসংখ্যান বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।