শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

পুঠিয়ার পেট্রোল পাম্প থেকে তেল এনে চলছে বোতলজাত

পুঠিয়া প্রতিনিধি ০১ এপ্রিল ২০২৬ ০৯:০৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া প্রতিনিধি ০১ এপ্রিল ২০২৬ ০৯:০৪ অপরাহ্ন
পুঠিয়ার পেট্রোল পাম্প থেকে তেল এনে চলছে বোতলজাত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় চলমান জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে এক শ্রেণির অসাধু  চক্র। অভিযোগ উঠেছে, বানেশ্বর  বাজারে জ্বালানি তেল সংকটকালীন কিছু মহল  বিভিন্ন পেট্রোল পাম্প থেকে তেল সংগ্রহ করে বিভিন্ন জায়গায় উচ্চ মূল্যে বিক্রয় করছে।


বানেশ্বর বাজারের একটি স্থানে দেখা গেছে, তিন জন মোটরসাইকেল নিয়ে একাধিক বার পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বোতল ভর্তি করে রাখছে। এমন একটি ছবি সাংবাদিকদের হতে এসেছে। এই তিন ব্যক্তি বোতল ভর্তি করে অন্য স্থানে বেশি দামে বিক্রি করছে বলে জানা যায়।


সাম্প্রতিক সময়ে ইরানে যুদ্ধের কারণে দেশে পেট্রোল, অকটেন ও ডিজেলের সরবরাহ কমে যাওয়ায় সাধারণ ভোক্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির পরিকল্পনায় মজুদ বাড়াচ্ছে।


পুঠিয়ার বিভিন্ন এলাকার অভিযোগে দেখা গেছে,  পুঠিয়া উপজেলার প্রতিটি পাম্পে একদিন পর পর স্বল্প পরিসরে তেল দিচ্ছে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী প্রতি পাম্পে তেল নিয়ে বাড়িতে জার ভর্তি করছে  এবং বেশি দামে বিক্রি করছে। এই কারণে মজুদদারদের ভিড়ে সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালক, কৃষক ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা।


ভুক্তভোগী এক মোটরবাইকার বলেন, বুধবার ভোর পাঁচটার এসে এক কিলো লাইনের মাঝখানে আছি, শুনলাম তেল দেবে সকাল ৯টায়, ছয় সাত ঘণ্টা অপেক্ষা করতে হবে।


জালাল নামে এক বাইকার বলেন, আট ঘণ্টা অপেক্ষার পর তিনশো টাকার তেল পেয়েছি।


এদিকে, পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস দিন রাত পরিশ্রম করে উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করলেও মজুদদাররা  তেল মজুদ করে যাচ্ছে।


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সাধারণ মানুষের প্রত্যাশা, তেল মজুদদারদের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই সংকট নিরসন করে বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে হবে।