বৃহস্পতিবার, মে ০৭, ২০২৬

মান্দায় নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

মান্দা প্রতিনিধি ০১ এপ্রিল ২০২৬ ০৯:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মান্দা প্রতিনিধি ০১ এপ্রিল ২০২৬ ০৯:১১ অপরাহ্ন
মান্দায় নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদীতে গোসল করতে নেমে রিয়া মনি (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কশব ইউনিয়নের চকবালু গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত রিয়া মনি রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামের রনি হোসেনের মেয়ে এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ রিয়া মনি তার বাবা-মায়ের সঙ্গে মান্দা উপজেলার চকবালু গ্রামে খালা ফাহিমা বেগমের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে আসে। বুধবার দুপুরে সে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের আত্রাই নদীতে গোসল করতে যায়।


গোসলের একপর্যায়ে অসাবধানতাবশত রিয়া মনি নদীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিষয়টি নিশ্চিত করে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাসনিম হুসাইন আরিফ বলেন, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।


মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।