নাচোলে হেরোইন ও গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হেরোইন ও গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে নাচোল থানা পুলিশ। নাচোল থানার ওসি (তদন্ত) এসএম নুরুল কাদের সৈকত জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল হাই এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাত সোয়া ১০ টার দিকে উপজেলার ফতেপুর ইউপির উসির বেলডাঙ্গা চাঁদপাড়া গ্রামে লিংকনের আমবাগানে অভিযান পরিচালনা করে।
এ সময় ৩ গ্রাম হেরোইন (১৭ পুরিয়া) ও ১৩০ গ্রাম গাঁজা বেচাকেনার সময় উসির বেলডাঙ্গা গ্রামের মহশিন আলীর ছেলে রশিদুল ইসলাম কালু (২২), ইসলামপুর খৈন্ধা গ্রামের মৃত আয়েশ উদ্দীনের ছেলে আব্দুল আলিম (৩৫), চাঁদপাড়া গ্রামের ইসরাফিলের ছেলে তাইজুল ইসলাম ভোলা (৪৫) ও মৃত একরামুল হকের ছেলে ইউসুফ আলী (৩২) কে আটক করে। আটককৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকারোক্তি প্রদান করে। বুধবার (১ এপ্রিল) মাদক আইনে আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।