বৃহস্পতিবার, মে ০৭, ২০২৬

পেছানো হচ্ছে রূপপুর প্রকল্পের জ্বালানি লোডিং

ঈশ্বরদী প্রতিনিধি ০১ এপ্রিল ২০২৬ ০৯:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ০১ এপ্রিল ২০২৬ ০৯:২৬ অপরাহ্ন
পেছানো হচ্ছে রূপপুর প্রকল্পের জ্বালানি লোডিং

লাইসেন্স না পাওয়ার কারনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং কার্যক্রম পিছিয়ে গেছে। এই প্রকল্পের প্রকল্প পরিচালক ড. কবীর হোসেন বুধবার (০১ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ৭ এপ্রিল রূপপুর প্রকল্পে জ্বালানি লোডিং করার পূর্ব নির্ধারিত সময় থাকলেও অগ্নি নিরাপত্তা ইস্যুতে লাইসেন্স না পাওয়ার কারণে আটকে গেছে পারমাণবিকের প্রথম ইউনিটের জ্বালানি লোডিং।


চলতি বছরের ১৫ মার্চ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক পত্র অনুযায়ী জানা যায়, আগামী ৭ এপ্রিল প্রথম ইউনিটে জ্বালানী লোডিং এর উদ্বোধন করার সময় ভার্চুয়ালি অংশগ্রহন করার কথা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের।


জ্বালানি লোডিং এর আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনের (আইএইএ) তত্বাবধানে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছ থেকে লাইসেন্স পাওয়া বাধ্যতামুলক। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে মঙ্গলবার (৩১ মার্চ) গভীর রাত পর্যন্ত এ বিষয়ে বৈঠক চললেও শেষ পর্যন্ত জ্বালানী লোডিং এর অনুমোদন ও লাইসেন্স পাওয়া যায়নি ।


এ বিষয়ে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, ‘সবই ঠিক ছিল, কিন্তু এখন একটু ক্রিটিক্যাল সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য বলা হয়েছে। সেজন্য অল্প কয়েকদিনের জন্য জ্বালানি লোডিং শিফট করবে। তিনি আরও বলেন, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। ‘এজন্য আমরা মসজিদ-মন্দির-উপসনালয়েও সকলকে প্রার্থনা করার জন্য অনুপ্রাণিত করছি।’ 


নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান মুঠোফোনে জানান, এর আগে গত বছর নভেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কমপ্রিহেনসিভ সেফটি সিস্টেম টেস্ট সম্পন্ন হয়। ফিজিক্যাল স্টার্টআপের (জ্বালানি লোডিং) প্রস্তুুতির সামগ্রিক অবস্থা নিরীক্ষণের লক্ষ্যে বাংলাদেশ পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, রাশিয়ার শিল্প ও কর্মক্ষেত্র নিরাপত্তা তদারকি সংক্রান্ত সংস্থা-ভিও সেফটি তিনটি নিয়ন্ত্রণকারী সংস্থার বিশেষজ্ঞ প্রতিনিধিদল গত ৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রকল্পের বিস্তৃত ও সুনির্দিষ্ট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছেন।


এসময় ২৫৭টি অবজারভেশন চিহ্নিত করা হয়। এসকল অবজারভেশনের মধ্যে ফের কিছু ক্ষেত্রে পুন:পরীক্ষা এবং অতিরিক্ত কিছু এসেসমেন্ট করার জন্য বলা হয়েছে। আশা করছি কয়েকদিনের মধ্যেই এগুলো সম্পন্ন হবে এবং তাড়াতাড়ি আমরা জ্বালানী লোডিং এর লাইসেন্স পেয়ে যাব।


জ্বালানি লোডিং এর লাইসেন্স পাবার আগে দুই দেশের (বাংলাদেশ ও রাশিয়া) সরকার প্রধানের অনুমতি ও তাদের নিকট থেকে সময় নিয়ে উদ্বোধনের তারিখ নির্ধারণ করায় অস্বস্তিতে পড়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত বৈঠক চলে বিজ্ঞান ভবনে। পরে জানানো হয়, পেছানো হচ্ছে জ্বালানী লোডিং উদ্বোধনের তারিখ।