ঈশ্বরদীতে ভূয়া জজ গ্রেপ্তার
একজন নারী সঙ্গীসহ ঈশ্বরদী থানায় এসে নিজেকে যশোর জেলা সহকারী জজ হিসেবে পরিচয় দিয়ে ‘পুলিশি পাহারায় থানায় রাত্রীযাপনের জন্য’ সহযোগিতা কামনা করেন সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী নামের এক ব্যাক্তি। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাৎক্ষনিকভাবে খোঁজখবর নিলে পরিচয়দানকারীর পরিচয় ভূয়া প্রমানিত হলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে ঈশ্বরদী থানায় এ ঘটনা ঘটে। তবে পুলিশি ঝামেলায় পড়ার আগেই ভূয়া জজ এর নারী সঙ্গী কৌশলে থানা থেকে সটকে পড়েন।
থানা সূত্রে জানা যায়, সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী নামের ওই ব্যক্তি যশোর জেলার কোতোয়ালি থানার বাগমারা গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে। ঈশ্বরদী থানায় এসে ওসির সঙ্গে তার কথাবার্তা ও আচরণে অসঙ্গতি দেখে পুলিশের সন্দেহ হয়। পরে তাৎক্ষণিকভাবে তার পরিচয় যাচাই-বাছাই শুরু করে পুলিশ। যাচাই শেষে নিশ্চিত হওয়া যায়, তিনি কোনো বিচারক নন; বরং ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।
তিনি ইতোপূর্বে ভূমি অফিসে তহশিলদার হিসেবে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করে পুলিশ। তবে নৈতিক স্খলনের অভিযোগে তিনি চাকরি হারান। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, তার পরিচয় ও ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর ওই ব্যক্তিকে আটক করা হয় তবে তার সঙ্গী থানা থেকে পালিয়ে গেছে। বুধবার (১ এপ্রিল) আটক ব্যাক্তিকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।