রাজশাহীতে ভুয়া চাহিদাপত্রে তেল নেওয়ার চেষ্টা, পাঁচ ফায়ার সার্ভিস কর্মীকে সদর দপ্তরে সংযুক্ত
রাজশাহীর নওহাটায় ভুয়া চাহিদাপত্র দেখিয়ে তেল নেওয়ার চেষ্টার অভিযোগে ফায়ার সার্ভিসের পাঁচ কর্মীকে ঢাকা সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এ ঘটনায় তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মঞ্জিল হক। তিনি বলেন, গত বুধবার (১ এপ্রিল) ঘটনার পরপরই ওই পাঁচজনকে রাত ৯টার মধ্যে স্টেশন ত্যাগ করে ঢাকায় ফায়ার সার্ভিস সদর দপ্তরে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তদন্ত করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, জড়িতরা ব্যক্তিগত জ্বালানির প্রয়োজন মেটাতে তেল নিতে গিয়েছিলেন। এ জন্য স্টেশনের নামে ভুয়া চাহিদাপত্র ব্যবহার করা হয়েছে। এটি দণ্ডনীয় অপরাধ। ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সংযুক্ত করা পাঁচ কর্মী হলেন, নওহাটা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার রবিউল আলম, গাড়িচালক আজিজুর রহমান, ফায়ার ফাইটার জাকির হোসেন, ইয়াসির আরাফাত ও আব্বাস আলী।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে রাজশাহীর নওহাটা এলাকার হাবিব ফিলিং স্টেশনে স্টেশনের নামে ভুয়া চাহিদাপত্র দেখিয়ে তেল নেওয়ার চেষ্টা করেন ওই পাঁচ কর্মী। এ সময় তাঁরা ৩০০ লিটার তেল নিয়েছিলেন বলেও জানা গেছে। পরে পুলিশ সদস্যদের চ্যালেঞ্জের মুখে সেই তেল ফেরত দিতে বাধ্য হন তাঁরা। সরকারি জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।