শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

ঈশ্বরদীতে বন্ধ পাম্পে অভিযান : মজুত ১৩ হাজার ৫০০ লিটার জ্বালানি উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০২ এপ্রিল ২০২৬ ১০:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০২ এপ্রিল ২০২৬ ১০:২৩ অপরাহ্ন
ঈশ্বরদীতে বন্ধ পাম্পে অভিযান : মজুত ১৩ হাজার ৫০০ লিটার জ্বালানি উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে বন্ধ করে রাখা একটি মিনি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১৩ হাজার ৫০০ লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে পাম্প কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ‎‎বুধবার (০১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পাক্শী ইউনিয়নের পূর্ব বাঘইল এলাকায় অবস্থিত যমুনা মিনি তেল পাম্পে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।


‎‎অভিযানে উদ্ধার হওয়া জ্বালানির মধ্যে রয়েছে সাড়ে ৪ হাজার লিটার অকটেন, সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল এবং সাড়ে ৪ হাজার লিটার ডিজেল। উপজেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানায়, দীর্ঘ সময় ধরে ওই পাম্পটি বন্ধ রেখে এসব তেল মজুত করা হয়েছিল। গোপন সূত্রে তেল মজুতের খবর পেয়ে বুধবার সন্ধ্যায় সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমান আদালত। উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামান সরকার এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।


পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ওই পাম্প কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা অর্থদন্ড ও সরকার নির্ধারিত মূল্যে তাৎক্ষনিকভাবে মজুত করা সব তেল ভোক্তাদের মাঝে বিক্রি করে দেওয়া হয়। এ বিষয়ে ‎নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার বলেন, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা তেল উদ্ধার করার পর পাম্প কর্তৃপক্ষকে জরিমানা এবং সকল তেল বিক্রি করা হয়েছে। ‎একই সঙ্গে যাতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে জ্বালানি তেল ক্রয় করতে পারে, সে জন্য পাম্পটি খুলে দেওয়া হয়েছে।