হাম প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে টিকাদান কর্মসূচি, জেলা পরিষদের ২ লাখ টাকার সহায়তা
চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব নির্মূলে টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়।
সভায় জেলা পরিষদের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে হামের টিকা ক্রয়ের জন্য ২ লাখ টাকার চেক প্রদান করা হয়, যা কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ বলেন, প্রয়োজনে চিকিৎসকদের ছুটি বাতিল করে নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে এবং হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর জোর দেওয়া হবে।
জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশীদ। তিনি ৬ মাস থেকে ১০ বছর বয়সী সকল শিশুকে টিকার আওতায় আনার নির্দেশনা দিয়ে বলেন, অর্থের কোনো অভাব নেই—প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া হবে।
সভায় জানানো হয়, আগামী রবিবার থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচির আওতায় জেলায় ৩ লাখ ৬০ হাজার ৮৭০ শিশুকে হামের টিকা দেওয়া হবে। ইতোমধ্যে জেলায় ৬ শিশুর মৃত্যুর তথ্যও তুলে ধরা হয়।
সভায় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।