ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগকে কুপিয়ে হত্যা
পাবনার ঈশ্বরদীতে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা ইমরান হোসেন সোহাগ (২৬) কে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে ঈশ্বরদী পৌরসভার সাঁড়া গোপালপুর স্কুলের সামনের সড়কের পাশে এ ঘটনা ঘটে। ঈশ্বরদীর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ তার বন্ধুদের নিয়ে সাঁড়া গোপালপুর রেললাইনের পাশে সূর্য সংঘ ক্লাবে সহকর্মীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এসে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এর কিছুক্ষণ আগে সূর্য সংঘ ক্লাব লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায় বলে জানান স্থানীয়রা।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তার মাথার উপরিঅংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা তাকে কুপিয়ে হত্যা করা হতে পারে।
পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। কারা কি কারণে তাকে হত্যা করেছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখছে বলে পুলিশ জানায়।