বুধবার, মে ০৬, ২০২৬

ঈশ্বরদীতে অনিরাপদ সড়ক ব্যবস্থাপনা থেকে মুক্তির দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

ঈশ্বরদী প্রতিনিধি ০৩ এপ্রিল ২০২৬ ০৯:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ০৩ এপ্রিল ২০২৬ ০৯:৫১ অপরাহ্ন
ঈশ্বরদীতে অনিরাপদ সড়ক ব্যবস্থাপনা থেকে মুক্তির দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

পাবনার ঈশ্বরদীতে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরদী প্রান্তে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় আহত-নিহতের সংখ্যা বৃদ্ধি এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে বলে দাবি করেছেন ঈশ্বরদীর বিমানবন্দর, স্কুলপাড়া এলাকায় বসবাসরত বাসিন্দারা। ‘অনিরাপদ সড়ক ব্যবস্থাপনা থেকে মুক্তি’র দাবিতে শুক্রবার (৩ এপ্রিল) এ মহাসড়কের ঈশ্বরদী প্রান্তে বিক্ষোভ-মানববন্ধন করেছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও মসজিদের মুসল্লিরা।


বিক্ষোভকারীরা তাদের বক্তব্যে বলেন, গত ১ বছরে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরদীর স্কুলপাড়া ও বিমানবন্দর সড়কে সড়ক দুর্ঘটনায় ১০-১১ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ঈদুল ফিতরের দিন নামাজ শেষে বাড়ি ফেরার সময় এখানে সড়ক দুর্ঘটনায় রেলওয়ের অবসরপ্রাপ্ত স্টেশন মাষ্টার মো. নুরুজ্জামান আহত হয়ে ঈদের ৬ দিন পর প্রাণ হারান। ঈশ্বরদীর এই সড়ক মানুষের জন্য অনিরাপদ হয়ে ওঠার কারনে এলাকাবাসী দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহন করার দাবি জানান।


‘অনিরাপদ সড়ক ব্যবস্থাপনা থেকে মুক্তি’র দাবিতে গতকাল শুক্রবার এ মহাসড়কে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ-মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় বাসিন্দা ও ‘মানাব’-এর সভাপতি মাসুম পারভেজ কল্লোল। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক হাসান আলী, এলাকাবাসী আরিফুল ইসলাম স্বজল, ইন্টু মল্লিক, সাদিকুল ইসলাম রাসেল, আশেকুল ইসলাম পিয়াস, মেহেদী হাসান মিরাজ, জালাল উদ্দিন, স্কুলপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ওমর ফারুক, নারী উদ্যোক্তা ফারজানা ফেরদৌস পুস্প প্রমুখ।


কর্মসূচী সম্পর্কে অনুষ্ঠানের সভাপতি মাসুম পারভেজ কল্লোল বলেন, আঞ্চলিক এ মহাসড়কটিতে প্রতিনিয়ত দ্রুতগতির বেপরোয়া যানবাহন চলাচলের কারনে মাঝে মধ্যেই সড়ক দুর্ঘটনা ঘটছে। আমরা এ এলাকার বাসিন্দারা এ সমস্যা থেকে মুক্তি চাই। প্রায়ই এখানে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মানুষ হতাহত হচ্ছেন। আমরা ভুক্তভোগী বাসিন্দারা এ সমস্যা থেকে পরিত্রান চেয়ে মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করেছি। উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি এ বিষয়ে সড়ক বিভাগ কার্যকর ব্যবস্থা করবেন বলে আমরা প্রত্যাশা করি।