তিন জেলায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
রাজশাহী, নওগাঁ ও বগুড়া জেলায় পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহীর তানোর থেকে একটি আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব। এই ব্যক্তির নাম জসিম উদ্দিন জুয়েল (৩৩)। তার বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার কুশারঘোপ গ্রামে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৮টার দিকে র্যাব-৫ এর রাজশাহীর সদর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তানোরের কচুয়া নামাপাড়া গ্রামের ইয়ার উদ্দিনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ট্রাক, দেশীয় অস্ত্র, ডাকাতির বিভিন্ন সরঞ্জাম ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পরে র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১২ এর একটি দল বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। পরে রাজশাহীতে অভিযান চালিয়ে এই ডাকাত দলটির মূলহোতাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার পাঁচজন দীর্ঘদিন ধরে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর এলাকায় দেশীয় ধারালো অস্ত্র ও ছুরি ব্যবহার করে ডাকাতি করে আসছিলেন। মূলহোতা জুয়েল দুর্ধর্ষ ডাকাত। তার বিরুদ্ধে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুরসহ রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার জুয়েলকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
এদিকে, নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
তিনি জানান, গত ৩১ মার্চ রাতে পোরশা উপজেলার সন্নাইগাছি-খাটাপাড়া সড়কের ফকিরের মোড় এলাকায় রশি টেনে রাস্তা অবরোধ করে ডাকাতরা দুটি মোটরসাইকেলের ছয় আরোহীকে জিম্মি করে। পরে হাসুয়া ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নগদ প্রায় ৬০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন এবং দুটি ১৯০ সিসি ডিসকভার মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো নওগাঁ সদর উপজেলার গোলাম মোস্তফা ওরফে শ্যামল (৫৫), সাপাহার উপজেলার আবু তাহের (৫৬) ও তার ছেলে কামাল হোসেন (২৩) এবং মহাদেবপুর উপজেলার মোস্তাক আহমেদ জাহিদুল (৪৬)।
পুলিশ তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র, মাস্ক, রশি, মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।