রুয়া’র পক্ষ থেকে স্কলারশিপ পাবে ১৩০ রাবি শিক্ষার্থী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে থেকে ১৩০ জনকে স্কলারশিপ প্রদান করবে রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)। শনিবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে অনুষ্ঠিত রুয়া’র কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্ত হলো- আগামী ২ অক্টোবর (শুক্রবার) বার্ষিক সাধারণ সভা এবং পরের দিন ৩ অক্টোবর (শনিবার) পুণর্মিলনী অনুষ্ঠিত হবে। রাবি শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের সুবিধার্থে প্রয়োজনীয় সংখ্যক ই-কার রাবি প্রশাসনকে রুয়ার পক্ষ থেকে উপহার দেওয়া হবে। শিক্ষার্থীদের চাকুরীর সুযোগ তৈরি করতে ক্যাম্পাসে জব ফেয়ার করা হবে। রাবি অ্যালামনাই এসোসিয়েশন (জটটঅ) এর নিজস্ব ভবন নির্মাণ কাজ শুরু করা হবে।
গৃহীত আরও সিদ্ধান্ত হলো- রুয়ার অনুমোদন ব্যাতিত কোন জেলা ও মহানগরী রুয়ার নামে কোন প্রকার কার্যক্রম পরিচালনা করতে পারবে না। রুয়ার গঠনতন্ত্রের শর্তাবলী পূরণ ও আবেদনের প্রেক্ষিতে রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ এবং সাতক্ষীরা জেলায় রুয়ার জেলা শাখা গঠন ও কমিটি অনুমোদন দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে যারা ফেব্রুয়ারি-২০২৬ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের আগামী মে মাসে সংবর্ধনা দেওয়া হবে। রাবি অ্যালামনাই এসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে সদ্য সাবেক উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকিবকে মনোনীত করা হয়।
কার্যনির্বাহী কমিটির সভা শেষে জুবেরী ভবনেই নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সঙ্গে মতবিনিময় করে রুয়া’র কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
রুয়ার সভাপতি, রাবি সিনেট সদস্য ও জাতীয় সংসদের সদস্য মু. রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য যথাক্রমে প্রফেসর মোহাম্মদ মাইন উদ্দিন এবং প্রফেসর মোহা. ফরিদ উদ্দিন খান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর এম উমার আলী, রাবির কোষাধ্যক্ষ মোঃ কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান।
রুয়া’র সেক্রেটারী ও রাবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. নিজাম উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি ও জাতীয় সংসদ সদস্য ড. মু. কেরামত আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক শকিলুর রহমান শাহীন, অধ্যাপক আব্দুল খালেক, ড. মীর নুরুল ইসলাম, ইমাজ উদ্দিন মন্ডল সহ এসোসিয়েশনের সদস্যবৃন্দ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য প্রফেসর ড. মো: ফরিদুল ইসলাম বলেন, রাবি শিক্ষার্থীদের পাশে রাবি এলামনাই এসোসিয়েশন যেভাবে সহযোগিতার হাত প্রসারিত করেছে এর মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এক সেতুবন্ধন তৈরি হয়েছে। রুয়ার সকল গঠনমুলক কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় পাশে থাকবে ইনশাআল্লাহ।
সভাপতির বক্তব্যে মু. রফিকুল ইসলাম খান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কাজ করে যাচ্ছে। রাবি শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যার সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ই-কার উপহার দিচ্ছি, মেধাবী ও গরীব শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তির ব্যবস্থা করেছি। অন ক্যাম্পাস চাকরি নিশ্চিত করার লক্ষে জব ফেয়ারের আয়োজন করছি। আমরা বিশ্বাস করি, রাবি শিক্ষার্থীরা তাদের সীমিত সুযোগ সুবিধার মধ্যেই যেভাবে নিজেদের যোগ্যতার বিকাশ ঘটিয়ে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে ভবিষ্যতেও তা আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।