ঈশ্বরদীতে সোহাগ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ছাত্রদলের থানা ঘেরাও
পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ঈশ্বরদী থানা ঘেরাও ও থানার প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছে ছাত্রদল। শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঈশ্বরদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে। অবস্থান কর্মসূচীতে নিহত ছাত্রদল নেতা সোহাগের ছোট ভাই মো. রোহান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফারুক ফরাজি, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান দিপু, মাহমুদুল হাসান শাওন, মো. মামুন, নাজমুল হাসান রিসাদ, ইমরান হোসেন, আমিনুল ইসলাম জনি প্রমুখ বক্তব্য দেন।
অবস্থান কর্মসূচীর সময় ছাত্রদল নেতাকর্মীরা ইমরান হোসেন সোহাগ হত্যার সঙ্গে যারা জড়িত বা যারা মাষ্টার মাইন্ড তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার ও ফাঁসির দাবি জানান। যারা একের পর এক হামলা, ভাংচুর করে ঈশ্বরদীতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, যারা পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে তাদেরও আইনের আওতায় আনার দাবি করেন বক্তারা। প্রশাসনকে দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি পুরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষনা দেন। এসময় ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামানসহ অন্যান্য পুলিশ সদস্যদের সঙ্গে আন্দোলনকারীদের বাগ্বিতন্ডা হয়। পরে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ঘটনাস্থলে এসে অবস্থান গ্রহণকারীদের আস্বস্থ করলে তারা অবস্থান কর্মসূচী প্রত্যাহার করে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী পৌর শহরের সাঁড়া গোপালপুরে সন্ত্রাসী হামলায় খুন হন ছাত্রদল ঈশ্বরদী উপজেলা কমিটির প্রস্তাবিত সদস্য সচিব এবং জিয়া সাইবার ফোর্স উপজেলা কমিটির সদস্য সচিব ইমরান হোসেন সোহাগ (২৬)।
এদিকে এ হত্যাকাণ্ডের একদিন পরও মামলা হয়নি। মামলা সম্পর্কে থানার ওসি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত এজাহার এখনো থানায় জমা দেওয়া হয়নি। তবে সোহাগ হত্যাকান্ডের ঘটনা তদন্তে পুলিশ, র্যাব, গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন।
এদিকে সোহাগ হত্যাকাণ্ডসহ সার্বিক পরিস্থিতি নিয়ে শনিবার (৪ এপ্রিল) উপজেলা প্রশাসন জরুরী বৈঠক করেছেন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসন আয়োজিত এ বৈঠকে পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, ঈশ্বরদী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের আহবায়ক আব্দুল মান্নান টিপু, পুলিশ, আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।