শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

সান্তাহার পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থা অকেজো, জনদুর্ভোগ চরম

আদমদীঘি প্রতিনিধি ০৬ এপ্রিল ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
আদমদীঘি প্রতিনিধি ০৬ এপ্রিল ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ন
সান্তাহার পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থা অকেজো, জনদুর্ভোগ চরম

বগুড়ার সান্তাহার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অভিজাত এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না হওয়ায় তা প্রায় অকেজো হয়ে পড়েছে। ড্রেনের পানি প্রবাহ বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে মশার লার্ভা জন্ম নিয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।


সরেজমিনে দেখা যায়, সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন সংলগ্ন চা-বাগান মহল্লার অধিকাংশ ড্রেন ময়লা-আবর্জনায় ভরাট হয়ে রয়েছে। নিয়মিত পরিষ্কার না করায় ড্রেনের পানি জমে থাকছে এবং সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা। জমে থাকা পানিতে প্রতিনিয়ত জন্ম নিচ্ছে বিপুল পরিমাণ মশার লার্ভা ও ড্রেনে জমে থাকা অবর্জনা পচে গিয়ে ছড়াচ্ছে দুর্গন্ধ। 


এলাকাবাসী জানান, মশার উপদ্রব এতটাই বেড়েছে যে দিনের বেলাতেও মশারি টাঙিয়ে থাকতে হচ্ছে। মশার উপদ্রপে ছোট ছেলে-মেয়েদের পড়ালেখা ব্যহত হচ্ছে।এতে মশাবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই।


চা-বাগান সিভিল কলোনি এলাকার বাসিন্দা, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মর্তুজা সেলিম বলেন,“দীর্ঘদিন ধরে এসব ড্রেন পরিষ্কার করে না পৌর কর্তৃপক্ষ। পৌরসভায় অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায় না। মাঝে মাঝে এলাকাবাসী নিজ উদ্যোগে ড্রেন পরিষ্কার করি। সামনে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। ড্রেনের পানি উপচে বাসাবাড়ি ও সড়কে ছড়িয়ে পড়তে পারে। মশার অত্যাচার এখন আমাদের নিত্যদিনের সঙ্গী।”


এলাকাবাসীর দাবি, দ্রুত ড্রেন পরিষ্কার ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।


সান্তাহার পৌরসভার সহকারি প্রকৌশলী আবু রায়হান মন্ডল জানান, বিষয়টি আমার নজরে এসেছে। দ্রুততম সময়ের মধ্যে ড্রেনগুলো পরিস্কারের ব্যবস্থা নিচ্ছি।