চাঁপাইনবাবগঞ্জে ধানক্ষেত থেকে এক শিশুর লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫ বছরের এক শিশুর মরদেহ ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) বিকালে উপজেলার মকরমপুর-নাদেরাবাদ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, সম্পত্তির লোভে ওই শিশুকে তার দুলাভাই হত্যার পর ধানখেতে ফেলে দেয়। পুলিশ দুলাভাই মো. অন্তরকে গ্রেপ্তার করেছে।
শরিফা খাতুন আলীনগর ইউনিয়নের মকরমপুরের শহীদুল ইসলামের মেয়ে।
গোমস্তাপুর থানার ওসি মো. নূরে আলম এসিব তথ্য নিশ্চিত করে বলেন, গত শুক্রবার বিকাল থেকে শিশু শরিফা খাতুন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসে নি। অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে শনিবার গোমস্তাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার নানা আব্দুল করিম। ঘটনার তদন্ত নেমে পুলিশ সন্দেহভাজন হিসেবে শরিফার দুলাভাই মো. অন্তরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে তার দেখানো একটি ধানখেতে থেকে শরিফার মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, অন্তরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধারণা করা হচ্ছে শ্বশুরের সম্পত্তির অধিক পরিমাণ ভাগ পেতে শ্যালিকা শরিফাকে হত্যা করে সে। এ ব্যাপারে পরবর্তী আইনহত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। অন্তরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বাড়ি গোমস্তাপুর উপজেলার লালপুরে।