ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে দু’জন নিহত
পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দু’জন নিহত হয়েছেন। রোববার (৫ এপ্রিল) ঈশ্বরদীর মুলাডুলি রেলওয়ে স্টেশনের অদূরে ঈশ্বরদী-ঢাকা রেলপথের মোকাররমপুর এলাকা থেকে এক যুবকের এবং ঈশ্বরদী বাইপাস স্টেশনের নিকটবর্তী রাজশাহী-খুলনা রেলপথের পাটকেবাড়ি এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করে রেল পুলিশ। ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় এলাকাবাসী ও রেল পুলিশ সূত্র জানায়, রোববার বেলা ১২টার দিকে মুলাডুলি ইউনিয়নের মোকাররমপুর গ্রামে রেললাইনের পাশে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেল পুলিশে খবর দেন। অপরদিকে, একই দিন সকালে ঈশ্বরদী বাইপাস স্টেশনের নিকটবর্তী এলাকায় রাজশাহী টু খুলনাগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারীর (২৮) মৃত্যু হয়।
এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বলেন, মুলাডুলির মোকাররমপুর এলাকাটি সিরাজগঞ্জ রেলওয়ে থানার আওতাভূক্ত, সিরাজগঞ্জ রেল থানায় খবর পাঠানো হলে তারা এসে যুবকের লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঈশ্বরদী বাইপাস স্টেশনের নিকট থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে ঈশ্বরদী রেল থানা। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।