রবিবার, জুন ২১, ২০২৬

১৫ বছরে পদার্পণ করল আরসিআরইউ

সংবাদ বিজ্ঞপ্তি ০৭ এপ্রিল ২০২৬ ০২:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৭ এপ্রিল ২০২৬ ০২:২৭ অপরাহ্ন
১৫ বছরে পদার্পণ করল আরসিআরইউ

সত্যের সন্ধানে সামনে রেখে পেশাদারিত্ব বজায় রেখে ঐক্য ও ঐতিহ্য ধারণ করে প্রতিষ্ঠার পনের বছরে পদার্পণ করল রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)। ২০১২ সালের ৮ এপ্রিল সত্যের সন্ধানে মাত্র ১১ জন সদস্যের হাত ধরে কলেজের এক গাছতলায় আত্মবিশ্বাস ও মূল্যবোধ বজায় রেখে যাত্রা শুরু করে এই সংগঠন।

দেশসেরা রাজশাহী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা এবং যৌক্তিক দাবি সমূহ সাহসিকতা ও নিষ্ঠার সাথে সুশীল সমাজের সামনে তুলে ধরেছে। এছাড়াও কলেজের ইতিহাস ও ঐতিহ্যের চিত্র এবং জাতীয় দিবসগুলো সুন্দর করে তুলে ধরেছে।

এসব কার্যক্রমের পাশাপাশি রাজশাহীর অন্যান্য বিষয় ও তুলে ধরেছে আরসিআরইউ এর সদস্যরা। প্রবল ইচ্ছাশক্তি, প্রচন্ড কর্মস্পৃহা, কঠোর সাধনা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ আর দক্ষ নেতৃত্বের সম্মিলিত প্রচেষ্টায় ক্যাম্পাসের শিক্ষক, শিক্ষর্থী, কর্মচারী থেকে শুরু করে সকলের বিশ্বাস ও আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছে আরসিআরইউ। তরুণ তরুণীরা তাদের ক্লাসের ফাঁকে সময় বের করে সংগঠনে সময় দিয়ে ক্যাম্পাস সাংবাদিকতা থেকে শুরু করে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের গণমাধ্যম গুলোতে কাজ করার সুযোগ পেয়েছেন । প্রতিষ্ঠার এই ১৫ বছরে বেশ কিছু গণমাধ্যমকর্মী তৈরি করতে সক্ষম হয়েছে এই সংগঠনটি। আগে পাবলিক বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বাইরে সাংবাদিকতার সংগঠন না থাকায় সাংবাদিকতায় আগ্ৰহী হলেও চর্চার সুযোগ ছিল না । বর্তমানে দেশের অন্যান্য কলেজগুলোতেও সাংবাদিকতার সংগঠন রয়েছে তার মধ্যে দেশ সেরা রাজশাহী কলেজের সংগঠন আরসিআরইউ অন্যতম। 

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম বলেন, ১৪ বছর পার করে ১৫ বছরের এই আনন্দঘন মুহূর্তে আমাদের পাশে থাকা কলেজ অধ্যক্ষ, শিক্ষক উপদেষ্টা, নির্বাহী সদস্য, সাধারণ সদস্য, সহযোগী সদস্য এবং সকল শুভাকাঙ্ক্ষীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের দায়িত্ববোধ থেকেই আমরা নিজেদের অবস্থান আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। সাংবাদিক হিসেবে আমরা সকল সংগঠনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছি এবং ভবিষ্যতেও সেই বন্ধন আরও দৃঢ় হবে।

আমাদের কলেজে সাংবাদিকতা ও সংবাদ পরিবেশনের মান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখানে শিক্ষার্থীরা শুধু তথ্য সংগ্রহ ও প্রতিবেদনের কৌশল শিখছে না, বরং সমাজের বিভিন্ন সমস্যা ও মানুষের গল্প পৌঁছে দেওয়ার দায়িত্বও গ্রহণ করছে। আমাদের লক্ষ্য হলো সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও তথ্যসমৃদ্ধ সংবাদ পরিবেশনের মাধ্যমে কলেজের শিক্ষার্থীদের বাস্তব সাংবাদিকতার সঙ্গে পরিচিত করানো। এই সংগঠনের সদস্যরা স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়াতে ইউনিটির অবস্থানকে সফলভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে, যা আমাদের সংগঠনের কার্যক্রম ও শিক্ষার্থীদের কৌশলগত দক্ষতার প্রতিফলন।