বাঘায় চা বিক্রেতার মরদেহ উদ্ধার
রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকায় একটি পুকুর থেকে এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৬টার দিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিগ্রাম বাজার থেকে প্রায় ৫০০ মিটার উত্তরে সড়কের পাশে মনিগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একটি পুকুরে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি বাঘা থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত ব্যক্তি মো. সানাউল্লাহ ছানা (৪৫)। তিনি মনিগ্রাম বাজারের একজন পরিচিত চা বিক্রেতা ছিলেন এবং উপজেলার হাবাসপুর গ্রামের মৃত খলিলের ছেলে।
বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও কৌতূহল দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর রহস্য উদঘাটনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।