বুধবার, মে ০৬, ২০২৬

সিংড়ায় কৃষক হত্যার দায়ে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের যাবজ্জীবন

সিংড়া প্রতিনিধি ০৮ এপ্রিল ২০২৬ ০৯:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিংড়া প্রতিনিধি ০৮ এপ্রিল ২০২৬ ০৯:৫৬ অপরাহ্ন
সিংড়ায় কৃষক হত্যার দায়ে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের যাবজ্জীবন

২৬ বছর পর নাটোরের সিংড়ায় কৃষক মেছের আলী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতাসহ ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত।


বুধবার (৮ এপ্রিল) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক সাইফুল ইসলাম এই রায় ঘোষণা করেন বলে জানান, নাটোর জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শাহেদ মাহমুদ টিটু।


দন্ডপ্রাপ্তরা হলেন, সিংড়ার হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মাহবুব মৃধা, কলিগ্রামের ইদ্রিস আলী, গুণাইখাড়ার আবু রায়হান মৃধা, শ্রী কার্তিক মন্ডল, উলিপুরের মো. আবুল হোসেন এবং কলিগ্রামের মো. ইউনুস আলী।


নিহত কৃষক মেছের আলী সিংড়া কলিগ্রাম এলাকার বাসিন্দা।


নাটোর জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শাহেদ মাহমুদ টিটু বলেন, নাটোরের সিংড়ার কলিগ্রামের সলেমান মৃধার সাথে একই গ্রামের মেছের আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেছের আলীকে ডেকে নিয়ে যায় তার প্রতিবেশী মছিরন বিবি। এর কিছু সময় পরে মেছের আলীর চিৎকারে প্রতিবেশীসহ মেছের আলীর পরিবারের লোকজন এগিয়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।


পরে মেছের আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেছের আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পরদিন নিহত মেছের আলীর ছেলে বাদি হয়ে আট জনকে আসামী করে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।


মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে এবং তাদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। এরপর বিভিন্ন সময় অভিযুক্তরা আদালত থেকে জামিনে বের হয়। জামিনে বের হওয়ার পর দুইজন অভিযুক্ত মৃত্যুবরণ করে এবং দুইজন আত্মগোপনে চলে যায়। বাকি চারজন অভিযুক্তের উপস্থিত মামলার শুনানী করেন আদালতের বিচারক। ২৬ বছর মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক পলাতক দুইজন ও উপস্থিত চারজনসহ মোট ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন বলে জানান ওই রাষ্ট্রপক্ষের আইনজীবী।