রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীর ছোট বনগ্রাম আদর্শ বালিকা বিদ্যালয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
“পরিবর্তন (Paribatan)”, Clean এবং BWGED-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব ও পরিবেশ সুরক্ষায় এর ভূমিকা নিয়ে রচনা লেখা এবং চিত্রাঙ্কনের মাধ্যমে তাদের সৃজনশীলতা তুলে ধরে।
আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে টেকসই জ্বালানি ব্যবহারে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র (সার্টিফিকেট) বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন ছোট বনগ্রাম আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহিমা মল্লিক, বিজ্ঞান শিক্ষক আমিনুর রহমান, পরিবর্তনের প্রোগ্রাম এসোসিয়েট রনি রায় ও পঙ্কজ কর্মকার।
আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।