বাগমারায় ‘শিক্ষার সংযোগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজশাহীর বাগমারায় উপজেলা পরিষদ লাইব্রেরির উদ্যোগে বইপড়া ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ড. মুহাম্মদ আব্দুল মুমিত রচিত “শিক্ষার সংযোগ” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৮ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) কাওছার হাবীব।
উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ড. মুহাম্মদ আব্দুল মুমিত রচিত “শিক্ষার সংযোগ” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পরে বইপড়া ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক জাহাঙ্গীর আলম শাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও ‘শিক্ষার সংযোগ’ গ্রন্থের লেখক ড. মুহাম্মদ আব্দুল মুমিত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বেতার রাজশাহীর উপস্থাপক ও সংবাদ পাঠক আব্দুর রোকন মাসুম।
এতে আরও উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ আদর্শ কারিগরি ও বিএম কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম, ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ওয়ারেশ আলী, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং যুক্তিবাদী চিন্তাধারা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বই মানুষের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করে এবং বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের চিন্তা ও প্রকাশ ক্ষমতা বৃদ্ধি করে। এদিকে উপজেলা পরিষদের উদ্যোগে শহীদ মিনারের পার্শে নব-নির্মিত লাইব্রেরী বই পড়ুয়াদের মাঝে উৎসাহ যুগিয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন।