বুধবার, মে ০৬, ২০২৬

রাবিতে ৪ দিনব্যাপী ‘ছায়া জাতিসংঘ ২০২৬’ শুরু ১৬ এপ্রিল

রাবি প্রতিবেদক ০৮ এপ্রিল ২০২৬ ১০:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ০৮ এপ্রিল ২০২৬ ১০:৪০ অপরাহ্ন
রাবিতে ৪ দিনব্যাপী ‘ছায়া জাতিসংঘ ২০২৬’ শুরু ১৬ এপ্রিল

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা (জটগটঘঅ) চার দিনব্যাপী ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে। আগামী ১৬ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য এই সম্মেলনটি জাতিসংঘের কাঠামো, নিয়মতন্ত্র ও কূটনৈতিক কার্যপ্রণালীর আদলে পরিচালিত হবে। এটি সংগঠনটির নবম জাতীয় সম্মেলন।


বুধবার (৮ এপ্রিল) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের একটি কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।


আয়োজকরা জানান, সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম ১৬ এপ্রিল দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শুরু হবে। এবারের প্রতিপাদ্য বিষয়— “বৈশ্বিক বহুমুখীকরণের প্রেক্ষাপটে ন্যায়সঙ্গত বাজারনীতি ও বহুপাক্ষিক সম্পদায়ন কাঠামোর মাধ্যমে অর্থনৈতিক জবাবদিহিতা প্রতিষ্ঠা।”


সম্মেলনে মোট আটটি কমিটি থাকবে। এগুলো হলো-জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (UNSC), উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (NATO), জাতিসংঘ সাধারণ পরিষদের পঞ্চম কমিটি (প্রশাসনিক ও বাজেটারি), জাতিসংঘ মানবাধিকার পরিষদ (UNHRC), জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD), এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (APEC), আন্তর্জাতিক প্রেস এবং বাংলাদেশ বিষয়ক বিশেষায়িত কমিটি।


আয়োজকরা আরও জানান, প্রতিটি কমিটির আলোচ্য বিষয় সম্মেলনের মূল প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সমসাময়িক বৈশ্বিক প্রেক্ষাপট, আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি ও নীতিনির্ধারণী বিষয়ে গঠনমূলক আলোচনা করার সুযোগ পাবেন।


সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৪০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। তারা বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা, বিতর্ক ও নীতিনির্ধারণমূলক প্রস্তাব উপস্থাপন করবেন। সম্মেলনের বিভিন্ন কমিটিতে জাতিসংঘের কার্যপ্রণালী অনুসরণ করে বৈশ্বিক অর্থনীতি, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক বাণিজ্য ও নীতিনির্ধারণ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।


আয়োজকেরা জানান, এ ধরনের সম্মেলন শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা, সমালোচনামূলক চিন্তাশক্তি, গবেষণাভিত্তিক বিশ্লেষণ এবং নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চার দিনব্যাপী এ সম্মেলনের সমাপনী অধিবেশন ১৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন কমিটিতে কৃতিত্বপূর্ণ অংশগ্রহণকারীদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে। পাশাপাশি অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকেই সনদ দেওয়া হবে।


সম্মেলনের বিভিন্ন কমিটি পরিচালনার জন্য ৩০ জনের বেশি নির্বাহী বিচারক বোর্ডের সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া পুরো আয়োজন পরিচালনায় থাকবেন ৬০ জনের সেক্রেটারিয়েট সদস্য।


উল্লেখ্য, ২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় আরইউমুনা। এরপর ২০১৫ সালে “নর্থ বেঙ্গল মডেল ইউনাইটেড ন্যাশন্স” আয়োজনের মাধ্যমে যাত্রা শুরু করে সংগঠনটি। ২০১৬ সালে প্রথম জাতীয় সম্মেলন আয়োজনের পর থেকে ধারাবাহিকভাবে জাতীয় পর্যায়ে সম্মেলন আয়োজন করে আসছে তারা। এবারের আয়োজন সেই ধারাবাহিকতার নবম সম্মেলন।