মান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধার
নওগাঁর মান্দা উপজেলায় পুকুর পুনঃখননের সময় মাটির নিচ থেকে একটি অজ্ঞাত মূর্তি উদ্ধার হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের মহানগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল হোসেন ও তার শরিকদের মালিকানাধীন একটি পুকুরে পুনঃখনন কাজ চলছিল। এ সময় শ্রমিকেরা মাটির নিচে একটি মূর্তির সন্ধান পান। বিষয়টি জানাজানি হলে এলাকায় কৌতূহল সৃষ্টি হয় এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা জয়ন্ত চন্দ্র জানান, খননকাজ চলাকালে হঠাৎ করেই শ্রমিকদের কোদালের আঘাতে মাটির নিচে শক্ত কোনো বস্তুর অস্তিত্ব ধরা পড়ে। পরে সেটি উত্তোলন করে একটি মূর্তি বলে নিশ্চিত হওয়া যায়। খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, উদ্ধারকৃত বস্তুটি বর্তমানে থানায় রাখা হয়েছে। এটি কী ধরনের মূর্তি এবং এর ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক গুরুত্ব রয়েছে কি না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।