মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

দুর্গাপুরে ৪০০ লিটার তেল জব্দ, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

দুর্গাপুর প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৬ ১০:০৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
দুর্গাপুর প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৬ ১০:০৪ অপরাহ্ন
দুর্গাপুরে ৪০০ লিটার তেল জব্দ, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪০০ লিটার পেট্রোল জব্দ এবং এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের গুলাল পাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।


এদিকে একই দিনে  দুর্গাপুর  বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ বিক্রয়  এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে চারজন ঔষধ ব্যবসায়ীকে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর ৪০(খ), ৪০(গ), ৪০(ঘ) ও ৫৪ ধারায় ৩৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান  করা হয়। 


জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজুর নেতৃত্বে পরিচালিত অভিযানে মোঃ ইসলামের ছেলে মোঃ সুমনের নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদকৃত প্রায় ৪০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে নিশ্চিত হওয়া গেছে।


এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০, ৪৫ ও ৫২ ধারায় সুমনকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।


অভিযান শেষে জব্দকৃত পেট্রোল সরকারি নির্ধারিত মূল্যে উপস্থিত মোটরসাইকেল আরোহীদের কাছে বিক্রি করা হয়, যা এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে আনে।


এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বেশি দামে বিক্রির বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।