ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হলেন রাজশাহী চেম্বারের নতুন সভাপতি হাসেন আলী
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি ও অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য মো. হাসেন আলী ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে নগরীর অ্যাসোসিয়েশন ভবনে সংগঠনের সদস্যবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সৌহার্দ্যপূর্ণ এই আয়োজনে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়ে তার সফল নেতৃত্ব কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, হাসেন আলীর নেতৃত্বে রাজশাহীর ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে এবং উদ্যোক্তাদের জন্য সৃষ্টি হবে আরও বিস্তৃত সুযোগ।
শুভেচ্ছা গ্রহণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মো. হাসেন আলী বলেন, “আপনাদের আন্তরিক ভালোবাসা ও আস্থা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি সকলকে সঙ্গে নিয়ে রাজশাহীর ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন ও সম্প্রসারণে কাজ করতে চাই।” তিনি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং স্থানীয় শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক সম্পাদক এসএম রেজাউল করিম, নির্বাহী সদস্য লিয়াকত আলী, আকবারুল হাসান মিল্লাত ও অধ্যক্ষ ড. মো. গোলাম মাওলা। তারা প্রত্যেকে নবনির্বাচিত সভাপতির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সংক্ষিপ্ত হলেও ছিল আন্তরিকতায় ভরপুর। অংশগ্রহণকারীরা ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করে রাজশাহীর ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।