মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

রাজশাহী থেকে দ্বিতীয় দিনেও বন্ধ দূরপাল্লার বাস চলাচল

নিজস্ব প্রতিবেদক ২২ এপ্রিল ২০২৬ ০১:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২২ এপ্রিল ২০২৬ ০১:১৭ অপরাহ্ন
রাজশাহী থেকে দ্বিতীয় দিনেও বন্ধ দূরপাল্লার বাস চলাচল

দ্বিতীয় দিনের মতো বন্ধ আছে রাজশাহী থেকে দূরপাল্লার বাসের চলাচল। রাজশাহী নগরীর শিরোইল এলাকায় অবস্থিত বাস কাউন্টারগুলোতে এসে ফিরে যাচ্ছেন যাত্রীরা। এ নিয়ে দুর্ভাগে পড়েছেন যাত্রীরা। 

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর থেকে রাজশাহী ও নাটোর জেলার মালিক ও শ্রমিক দ্বন্দ্বে এই বাস চলাচল বন্ধ হয়ে যান। তবে রাজশাহী থেকে বিভিন্ন উপজেলা এবং নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল স্বাভাবিক আছে। 

বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। 

রাজশাহী নগরীর শিরোইল ও ভদ্রা এলাকা ঘুরে দেখা যায়, যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কোনো বাস পাচ্ছেন না। কেউ বিকল্প হিসেবে সিএনজি বা ভাড়ায় চালিত গাড়িতে অতিরিক্ত টাকা দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন, আবার অনেকে বাধ্য হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।

শফিকুল আজিম নামের এক যাত্রী বলেন, কাল ঢাকা যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি। আজ বাসস্ট্যান্ডে এসে ফিরে যাচ্ছি। পরিবার এবং ছোট শিশু নিয়ে খুব কষ্ট হচ্ছে। কবে বাস চলাচল স্বাভাবিক হবে তারা বলতে পারছে না। প্রতিদিন এভাবে এসে বাসায় ফিরে যাওয়া কষ্টকর। 

রাজশাহী নগরীর বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ঢাকায় জরুরি কাজে যাওয়ার জন্য সকালে বের হয়েছি। এসে দেখি কোনো বাস চলছে না। এখন কী করবো বুঝতে পারছি না।

ঢাকাগামী যাত্রী শিউলি বেগম বলেন, ছোট বাচ্চা নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। কেউ কিছু পরিষ্কার করে বলছে না। এইভাবে মানুষকে কষ্ট দেওয়া ঠিক না।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, বুধবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে দুই জেলার নেতাদের নিয়ে বসার কথা আছে। নাটোরের নেতারা আসলে এই বৈঠক হবে। আমরা চাই এই সমস্যা সমাধান হোক।#