রোপা আউশ ধান চাষে গতি আনতে পবায় বীজ ও সার বিতরণ উদ্বোধন
রাজশাহীর পবা উপজেলায় রোপা আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০২০-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় খরিপ-১ মৌসুমে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, কৃষি খাতে সরকারের এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়তা করে এবং আউশ ধানের ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় পবা উপজেলার মোট ১১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে ৫ কেজি উচ্চ ফলনশীল ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। সংশ্লিষ্টরা জানান, এই উপকরণ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষকদের আধুনিক চাষাবাদের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এম এ মান্নান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওয়ালী উল্লাহ মোল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এম এ মান্নান বলেন, “রোপা আউশ ধান দেশের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সঠিক সময়ে উন্নত মানের বীজ ও প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করা গেলে কৃষকরা ভালো ফলন পেতে সক্ষম হবেন।”
উপকরণ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তারা জানান, বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় তাদের উৎপাদন খরচ কমবে এবং আবাদে নতুন উদ্যম সৃষ্টি হবে। কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।