শনিবার, মে ০২, ২০২৬

রাবিতে ছাত্রদল নেতার নেতৃত্বে ২ শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

রাবি প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৬ ০৯:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৬ ০৯:৪৫ অপরাহ্ন
রাবিতে ছাত্রদল নেতার নেতৃত্বে ২ শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাসান ও আজাহারুলের ওপর ছাত্রদল নেতার নেতৃত্বে অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভাগটির শিক্ষার্থীরা। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


বিক্ষোভ সমাবেশে আহত শিক্ষার্থী হাসান বলেন, চারুকলার গার্ড সহ আশেপাশের টোকাইরা মিলে ঘুরতে আসা দর্শনার্থী কাপলদের উত্যক্ত করে। কাল বিকালে আমার এক বড় ভাইসহ তার বান্ধবীকে তারা উত্যক্ত করে। একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ও ঘটে। কিছু সময় পরে ছাত্রদলের হাসিব আসে সেখানে। তখন থেকেই ফোন দিয়ে হুমকি দেওয়া শুরু করে। রাতে রজবের চায়ের দোকানে আমরা ৫/৭ জনের মতো বসে ছিলাম। তখন হাসিব কিছু বহিরাগত টোকাই নিয়ে আমাদের ওপর হামলা করে।


সজিবুর রহমান সজীব নামে আরেক শিক্ষার্থী বলেন, গতকাল আমাদের জুনিয়রদের ওপর যে হামলা হয়েছে তার নিন্দা জানাতেই আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা চাই পরবর্তীতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন উপযুক্ত পদক্ষেপ নেন।


রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, সরকার দলীয় ছাত্র সংগঠনগুলো যদি নেতাগিরি দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে এই হামলা করেন বা করতে চায় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তার বিচার না করে, তবে আমরা সাধারণ শিক্ষার্থীরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাবো। গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির শিক্ষার্থীরা যে আন্দোলন করছে আমি তার সাথে একাত্মতা প্রকাশ করছি। ভিসি স্যারকে বলতে চাই এর বিচার করুন। অন্যথায় ক্যাম্পাসের অন্য শিক্ষার্থীরা নিজেদের নিরাপদ মনে করবে না। 


তিনি আরো বলেন, আমরা শুনতে পেয়েছি এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকেও দলীয় ছাত্র সংগঠন থেকে হুমকি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে দলীয় সরকারের ছাত্রসংগঠনের অবস্থা দেখুন, তারা শিক্ষককে হুমকি দেয়, দোকানদারকে ৫০ টাকার জন্য মারধর করে এবং শিক্ষার্থীদের ওপর বাহির থেকে টোকাই এনে হামলা করায়।


বিক্ষোভ সমাবেশে রাকসু’র এজিএস এসএম সালমান সাব্বির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ তোফা-সহ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ত্রিশের অধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


এর আগে, মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ একাডেমিক ভবনের সামনে থেকে হাসান নামে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করার অভিযোগ ওঠে শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবের বিরুদ্ধে। এঘটনায় আজহারুল নামে একই বিভাগের আরও এক শিক্ষার্থী আহত হন। তবে অভিযুক্ত ছাত্রদল নেতা বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন।