’গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে রাবি ছাত্রদলের দেয়াল লিখন কর্মসূচি
জামায়াত-শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশের দেয়ালে বিভিন্ন স্লোগান লিখে তারা এ কর্মসূচি পালন শুরু করেন।
কর্মসূচিতে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, কিছু সংগঠন নিজেদের প্রকৃত রাজনৈতিক পরিচয় আড়াল করে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার পরিবেশ নষ্ট করছে এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত করছে।
তিনি আরও বলেন, “আমরা স্পষ্টভাবে বলতে চাই, রাবি ক্যাম্পাসে কোনো ধরনের গুপ্ত রাজনীতি সহ্য করা হবে না। সংশ্লিষ্টদের স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক ধারায় ফিরে আসতে হবে, অন্যথায় তাদের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।”
এ সময় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল বলেন, দেয়াল লিখনের মাধ্যমে সচেতনতা তৈরি করে ক্যাম্পাসজুড়ে ‘গুপ্ত’ রাজনীতির বিরুদ্ধে অবস্থান জোরদার করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এতে গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী হবে।
কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন স্তরের প্রায় অর্ধশত নেতাকর্মী উপস্থিত থেকে এ দাবির প্রতি সংহতি জানান।