বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর হামলা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৬ ১০:২১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৬ ১০:২১ অপরাহ্ন
পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর হামলা

পাবনার ঈশ্বরদী-কুষ্টিয়ার পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের একটি দলের ওপর সন্ত্রাসীদের অতর্কিত হামলায় নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (পরিদর্শক) পাঁচ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১:১০ মিনিট থেকে ১:৫০ মিনিটের মধ্যে পদ্মা নদীর হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত টহল ডিউটি পালনকালে ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির একটি দল পদ্মা নদীর ঈশ্বরদী অঞ্চল থেকে টহল দিতে দিতে কুষ্টিয়া অংশে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানায়, পদ্মা নদীর বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে ঈশ্বরদী ও কুষ্টিয়া প্রান্তের বালু ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘদিন ধরে অন্তর্দ্বন্দ্ব লেগে রয়েছে।


ইতোপূর্বে একাধিকবার নদীতে গোলাগুলি, হামলাসহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে, এ কারণে নদীর আইনশৃঙ্খলা ঠিক রাখতে দিনে ও রাতে নৌ পুলিশ পদ্মা নদীতে নিয়মিত টহল দিয়ে থাকে। মঙ্গলবার রাতেও নিয়ম অনুযায়ী টহল চলাকালে দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। দুর্বৃত্ত্বরা পুলিশকে লক্ষ করে গুলিবর্ষণ করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলামসহ পাঁচ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন।


আহত অন্য পুলিশ সদস্যরা হলেন- ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা সদরে জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন।


পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।