বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ দেয়াল লিখন

রাবি প্রতিবেদক ২৩ এপ্রিল ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ২৩ এপ্রিল ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ন
ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ দেয়াল লিখন
ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ দেয়াল লিখন। ছবি: সংগৃহীত

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)- এ ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ শিরোনামে দেয়াল লিখন করেছে ছাত্রদল। ‎বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিভিন্ন স্থানে ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ শিরোনামে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের নেতাকর্মী হিসেবে পরিচিত কয়েকজন শিক্ষার্থী।

পরে দেয়াল লিখনের সামনে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেও দেখা গেছে তাদের। এর আগে বিভিন্ন সময়ে দলীয় কর্মসূচি পালন করেছে ছাত্রদল। পহেলা বৈশাখে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্রদলের ব্যানার টাঙানোকে কেন্দ্র করে শিক্ষার্থীদের একটি অংশ ক্ষোভ প্রকাশ করে।

‎স্বাধীনতা দিবসে ছাত্রদলের ব্যানারে কয়েকজন শিক্ষার্থী পুষ্পস্তবক অর্পণ করলে বিষয়টি নিয়ে কিছু শিক্ষার্থী প্রতিবাদ জানান। এছাড়াও ‘রুয়েট জাতীয়তাবাদী স্পন্দন’ নামক ফেসবুক পেজ থেকে বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে ছাত্রদলের ব্যানারে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে।

‎এ বিষয়ে জানতে রুয়েটের উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাককে মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

‎উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর বর্তমান প্রশাসন দায়িত্বভার গ্রহণ করে ২০২৪ সালের ১০ আগস্ট রুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা অত্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অদ্য ১০/০৮/২০২৪ খ্রি. হতে এ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর সকল ধরনের রাজনৈতিক সংগঠন এবং তার কোনো অঙ্গসংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা হবে। ১০৫তম সিন্ডিকেটের জরুরি সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এ আদেশ জারি করা হয়েছে।