শনিবার, মে ০২, ২০২৬

রাবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন ৩ শিক্ষক ও ১০ শিক্ষার্থী

রাবি প্রতিবেদক ২৩ এপ্রিল ২০২৬ ০৯:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ২৩ এপ্রিল ২০২৬ ০৯:১৪ অপরাহ্ন
রাবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন ৩ শিক্ষক ও ১০ শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ৩ জন শিক্ষক ও ১০ জন শিক্ষার্থী ২০২৫ সালের ডিনস্ অ্যাওয়ার্ড পেয়েছেন। সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড প্রদান করা হলো। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের এই অ্যাওয়ার্ড প্রদান করেন। 


অনুষ্ঠানে সেরা প্রবন্ধের জন্য মো. আরমান হোসেন (সহযোগী অধ্যাপক, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ), সেরা গ্রন্থের জন্য ড. মো. আওয়াল হোসেন মোল্ল্যা (প্রফেসর, লোক প্রশাসন বিভাগ) ও সেরা গবেষক হিসেবে ড. প্রণব কুমার পান্ডে (প্রফেসর, লোক প্রশাসন বিভাগ) ডিনস্ অ্যাওয়ার্ড পেয়েছেন।


ডিনস্ অ্যাওয়ার্ডপ্রাপ্ত সেরা শিক্ষার্থীরা হলেন- মোছা. নাফিসা ইয়াসমিন (অর্থনীতি বিভাগ), বর্ষা রানী মন্ডল (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), অন্তরা (সমাজকর্ম বিভাগ), সানজিদা ফারজানা (সমাজবিজ্ঞান বিভাগ), রিফাহ রাফিয়া বারী (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ), রাজিয়া সুলতানা পারুল (ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগ), মমতাজ ফারজানা তিথি (লোক প্রশাসন বিভাগ), মিস জান্নাতুল মাওয়া শিন (নৃবিজ্ঞান বিভাগ), তৃষা দাস  ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ) ও আশরাফুল খান ফয়সাল (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ)। তারা স্নাতক (সম্মান) পরীক্ষায় বিভাগে শীর্ষ স্থান অধিকার করায় এই পুরস্কার অর্জন করেন।

 

সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তার দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, প্রাক্তন উপাচার্য ও অনুষদের প্রাক্তন অধিকর্তা প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন ও ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার প্রাক্তন উপাচার্য প্রফেসর মো. রফিকুল ইসলাম। সমাজকর্ম বিভাগের সভাপতি প্রফেসর গোলাম কিবরিয়া ফেরদৌস অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন।


অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের মধ্যে অন্তরা ও আশরাফুল খান ফয়সাল তাদের অনুভূতি জানিয়ে বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের প্রাক্তন অধিকর্তাদেরও সম্মাননায় ভূষিত করা হয়।


অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, ডিনস্ অ্যাওয়ার্ডপ্রাপ্ত কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের নিজ মেধার পাশাপাশি তাঁদের শিক্ষক, পরিবার ও আরো অনেকের অবদান রয়েছে। তাদের বক্তব্যেও সেটি প্রকাশ পেয়েছে। তাই যেকোনো মহৎ অর্জনের পেছনে কারো না কারো অবদান থাকে। 


তিনি আরও বলেন, এই অ্যাওয়ার্ড যেমন তাঁদের মেধার স্বীকৃতি দিলো, তেমনি তাঁদের শিক্ষক ও পরিবারকে সম্মানিত করলো; সামগ্রিকভাবে এই বিশ্ববিদ্যালয়ও সম্মানিত হলো। অ্যাওয়ার্ডপ্রাপ্ত এই শিক্ষক ও শিক্ষার্থীরা আগামীতেও তাঁদের মেধা ও মননের অনুশীলনের মাধ্যমে আরও বড় অর্জনের পথে এগিয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানে অনুষদভুক্ত বিভাগসমূহের সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।